জানুয়ারি ২০, ২০২৬, ১১:৩২ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘পলিসি সামিট-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ভিশন পেশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশে বিভাজন নয় বরং ঐক্য ও মানবিকতাই হবে রাজনীতির মূল ভিত্তি। তিনি একটি আধুনিক বাজার অর্থনীতি ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ার প্রতিশ্রুতি দেন যেখানে ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার পাবে।
জামায়াত আমির বিশেষভাবে উল্লেখ করেন যে, তার দলে বর্তমানে ৪৩ শতাংশ নারী সদস্য রয়েছেন যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি দৃষ্টান্ত।নতুন বাংলাদেশে নারীদের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমান শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।
তরুণ প্রজন্মকে প্রবৃদ্ধির ‘ইঞ্জিন’ আখ্যা দিয়ে তিনি যুব কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, কোনো সরকার যেন রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে তার অতন্দ্র প্রহরী হবে জামায়াত। সংখ্যালঘুদের অধিকার রক্ষাকে তিনি কেবল রাজনৈতিক নয় বরং ‘পবিত্র ধর্মীয় কর্তব্য’ হিসেবে অভিহিত করেন এবং জানান যে জামায়াতে বর্তমানে প্রায় পাঁচ লাখ অমুসলিম সদস্য দেশ গঠনে কাজ করছেন।
আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি একটি উন্মুক্ত ও স্বচ্ছ অর্থনৈতিক পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন। সামিটে উপস্থিত দেশি-বিদেশি কূটনীতিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি বিভাজনের সময় নয় বরং একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন