জানুয়ারি ২১, ২০২৬, ০১:০৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে দেশজুড়ে। এরই ধারাবাহিকতায় ১০ দলীয় নির্বাচনি ঐক্যের অন্যতম প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে দলের আমির ডা. শফিকুর রহমান দেশব্যাপী নির্বাচনি সফর শুরু করবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই মূলত এই নির্বাচনি লড়াইয়ের আমেজ চূড়ান্ত রূপ পেয়েছে। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে যে আমিরের এই সফর ঢাকা মহানগরী থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত হবে।
সফরের প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকা-১৫ আসনে তার নিজ নির্বাচনি এলাকা মিরপুর ১০ নম্বরে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলা সফর করবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ জানুয়ারি দুপুর ২টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-ই-শহীদ ময়দানে এবং বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে জনসভা করবেন তিনি। ওই দিন সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আরও একটি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিন অর্থাৎ ২৪ জানুয়ারি সকালে তিনি পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর গাইবান্ধার পলাশবাড়ীতে আয়োজিত জনসভার মাধ্যমে তিনি উত্তরবঙ্গ সফর সমাপ্ত করবেন।
নির্বাচনি প্রচারণার পাশাপাশি জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির আসন্ন গণভোটে হ্যা-ভোটের পক্ষেও জনমত গঠনে কাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনি ঐক্যের শরিক দলগুলোর প্রার্থীরাও নিজ নিজ এলাকায় এই প্রচার কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন