জানুয়ারি ২১, ২০২৬, ০৮:৫২ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে প্রতীক বরাদ্দ-পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ ফিরে পাচ্ছে।
তবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে অবশ্যই শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। মুফতী ফয়জুল করীম সতর্ক করে দিয়ে বলেন, যদি ভোটকেন্দ্র দখল, কালো টাকার ব্যবহার কিংবা কোনো বিশেষ পক্ষের হয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চলে।
তবে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি প্রশাসনের ঢিলেঢালা অবস্থানের সমালোচনা করে বলেন, নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না গেলে জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হবে।
রাজনৈতিক হয়রানি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে কেবল ভিন্ন মতের হওয়ার কারণে কাউকে মামলা দিয়ে হয়রানি করা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। বরিশাল-৫ ও ৬ আসনের এই প্রার্থী নিজের নির্বাচনী লক্ষ্য তুলে ধরে বলেন, নির্বাচিত হলে একটি দুর্নীতিমুক্ত বরিশাল গড়াই হবে তার প্রধান অগ্রাধিকার। দুর্নীতির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমেই সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব।
জোটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করীম জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে নতুন কোনো জোটে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে না এবং দলটি এককভাবেই ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকলেও দলটির নিরপরাধ নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। তিনি মনে করেন, জনগণ তাদেরই ভোট দেবে যারা নাগরিকদের জান-মালের নিরাপত্তা দিতে সক্ষম হবে। পরিশেষে, তিনি বরিশালের উন্নয়নের স্বার্থে ভোটারদের কাছে একবারের জন্য ‘হাতপাখা’ প্রতীকে আস্থা ও সমর্থন কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন