বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ চালানো হবে: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০৬:১৩ পিএম

নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ চালানো হবে: তারেক রহমান

বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত ন্যায়পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান স্পষ্ট করে বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়—আমার রাজনীতিতে সবার আগে বাংলাদেশ।” তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর একটি বিশেষ দল ক্ষমতার লোভে বিদেশের গোলামি করে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল।

বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান প্রতিদ্বন্দ্বী একটি দলের ধর্মীয় অপপ্রচারের জুতসই জবাব দেন। তিনি মঞ্চে এ টি এম হেলাল নামের একজন হাজিকে ডেকে নিয়ে মাইক্রোফোনে প্রশ্ন করেন, “পবিত্র কাবার মালিক কে?” উত্তর আসে “আল্লাহ”। 

এরপর তিনি উপস্থিত লক্ষ জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, “জান্নাত-জাহান্নাম ও এই দুনিয়ার মালিক কে?” সবাই সমস্বরে ‘আল্লাহ’ বললে তারেক রহমান বলেন, “যে জিনিসের মালিক একমাত্র আল্লাহ, সেই জান্নাতের টিকিট দেওয়ার কথা যারা বলে তারা স্পষ্টত ‘শিরক’ করছে। তারা নির্বাচনের আগেই আপনাদের সাথে প্রতারণা করছে, নির্বাচনের পর তারা আপনাদের কী পরিমাণ ঠকাবে তা সহজেই অনুমেয়।” তিনি এই ‘কুফরি’ ও হঠকারিতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, গত দেড় দশকে দেশে কোনো প্রকৃত নির্বাচন হয়নি। ‘আমি-ডামি’ ও ‘নিশিরাতের’ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা থেকে সিলেটে সড়কপথে আসতে যে সময় লাগে, বিমানে লন্ডন পৌঁছাতেও তার চেয়ে কম সময় লাগে—এটাই তাদের উন্নয়নের আসল রূপ।” তিনি বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং মা-বোনদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

তারেক রহমানের এই আগমনে সিলেট নগরী আজ এক জনসমুদ্রে পরিণত হয়েছিল। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই আলিয়া মাদরাসা মাঠ ছাড়িয়ে জনস্রোত আশপাশের কয়েক কিলোমিটার রাস্তায় ছড়িয়ে পড়ে। ১৫ বছর পর সিলেটে তারেক রহমানের এই সরাসরি অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং পথে বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।