রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সারা দেশে গণসংযোগে হাতপাখার প্রার্থীরা, ইনসাফ কায়েমের ডাক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ১০:২৪ পিএম

সারা দেশে গণসংযোগে হাতপাখার প্রার্থীরা, ইনসাফ কায়েমের ডাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার ও গণসংযোগ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশের ২৫৯টি আসনে একযোগে হাতপাখা প্রতীকের প্রার্থীরা নিজ নিজ এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে এই প্রচার কার্যক্রমের সূচনা করেন। 

দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর সদর রোড এলাকা থেকে প্রচার শুরু করেন। 

তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে দেশের কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে, ঢাকা-৪ আসনের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জুরাইন তুলাবাগিছা এলাকায় গণসংযোগ করেন। 

ঢাকা-১১ আসনে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রাজধানীর ভাটারা থানার নূরেরচালা এলাকায় প্রচার শুরু করেন।খুলনা অঞ্চলেও হাতপাখার প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। খুলনা-৩ আসনের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল দৌলতপুর এবং খুলনা-৪ আসনের প্রার্থী ও দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। 

এছাড়া গাজীপুর-৫ আসনের প্রার্থী ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান কালীগঞ্জ পৌরসভা এলাকা থেকে এবং কুমিল্লা-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তিতাস উপজেলার বিভিন্ন বাজারে প্রচার চালিয়েছেন।সারা দেশের প্রতিটি আসনে প্রার্থীরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেন। প্রচার চলাকালীন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইসলামী আন্দোলনের প্রার্থীরা জানিয়েছেন, তারা আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও ইসলামি আদর্শের রাষ্ট্র হিসেবে গড়তে চান এবং ভোটাররা পরিবর্তনের লক্ষ্যে তাদের প্রতীককে বেছে নেবে বলে তারা আশাবাদী।