রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনী প্রচারণায় আজ উত্তরাঞ্চল যাচ্ছেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:০১ এএম

নির্বাচনী প্রচারণায় আজ উত্তরাঞ্চল যাচ্ছেন জামায়াত আমির

সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকা-১৫ আসনের এই সংসদ সদস্য প্রার্থী আজ সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। সফর শুরুর আগে বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে তাঁর সমসাময়িক রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা বলার কথা রয়েছে।

দলীয় সূত্রে প্রাপ্ত সফরসূচি অনুযায়ী, আজ প্রথম দিনে ডা. শফিকুর রহমান উত্তরাঞ্চলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে জনসভায় অংশ নেবেন। তিনি বেলা ১১টায় পঞ্চগড় সুগার মিল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। 

এরপর দুপুর ২টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-ই-শহীদ ময়দান, বিকেল ৪টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। 

জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে; বিশেষ করে দিনাজপুরে লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে স্থানীয় জামায়াত।সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ী, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায় ধারাবাহিক জনসভায় অংশ নেবেন। 

প্রতিটি জনসভায় তিনি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতের নির্বাচনী অঙ্গীকারসমূহ তুলে ধরবেন। দুই দিনের এই ম্যারাথন সফর শেষে শনিবার রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ঢাকা-১৫ আসনে জনসভার মাধ্যমে তিনি কেন্দ্রীয়ভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন।