জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:৫৬ পিএম
ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে নতুন করে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে নস্যাৎ করতে পরাজিত শক্তিগুলো এখন একজোট হয়েছে।জাতীয় রাজনীতিতে ‘মোনাফিকি’ চলছে উল্লেখ করে মামুনুল হক বলেন, "কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সাহস নেই।
তাই তারা লোকদেখানোভাবে গণভোটের পক্ষে কথা বললেও গোপনে ‘না’ ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন চালাচ্ছে।" তিনি স্পষ্ট করে বলেন যে, বিপ্লবের চেতনা রক্ষায় এমন দ্বিচারিতা সহ্য করা হবে না।
একই সাথে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির চেষ্টা না করতে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।আগামীতে একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান মামুনুল হক। জনসভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী’র দুই ছেলে— পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী। সাঈদীপুত্রদের উপস্থিতিতে জনসভাটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে পিরোজপুর জেলা জামায়াতের আমির মোঃ তাফাজ্জেল হোসেন ফরিদ এবং নেছারাবাদ উপজেলা আমির মোঃ আবুল কালাম আজাদসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং দুর্নীতিমুক্ত ইনসাফ কায়েমের লক্ষ্যে জোটের প্রার্থীদের জয়ী করার শপথ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন