জানুয়ারি ২৬, ২০২৬, ০২:৩৫ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আগে নৌকা আর ধানের শীষ ছিল, এবার নৌকা নাই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে বসে আছেন। আমাদের সবাইকে বিপদে ফেলে তিনি চলে গেছেন। তিনি থাকলে অন্তত একটি গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত।"
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে বলেন, "যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে, আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারা আবার এসে ভোট চাচ্ছে। যে দল আমাদের দেশকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না, তাদেরকে ভোট দিয়ে আমরা দেশের সর্বনাশ করব না।"
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের সজাগ থাকার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
গণসংযোগে বিএনপি মহাসচিবের সাথে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন