রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:০৭ পিএম

বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী বুধবার অর্থাৎ ৪ ফেব্রুয়ারি তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন দলীয় আমিরের এই সফর ও জনসভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।দলীয় সূত্র জানায় চলো এক সাথে গড়ি বাংলাদেশ—এই স্লোগানকে উত্তরের সীমান্তবর্তী জনপদের মানুষের মাঝে ছড়িয়ে দিতেই জামায়াত আমিরের এই সফরের পরিকল্পনা করা হয়েছে। 

বুধবার সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভাটি শুরু হওয়ার কথা রয়েছে। জেলা জামায়াত এই সমাবেশে ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষের উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 

সমাবেশ সফল করতে ইতোমধ্যে কুড়িগ্রামের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি সভা এবং গণসংযোগ শুরু হয়েছে। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন।জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন জানান জনসভার জন্য সরকারি কলেজ মাঠ বরাদ্দ এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে জেলা রিটার্নিং অফিসার বরাবর আবেদন জমা দেওয়া হয়েছে। প্রশাসন থেকে মৌখিকভাবে সম্মতি পাওয়া গেছে এবং রোববার নাগাদ লিখিত অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল গঠনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে সুশৃঙ্খলভাবে এই বিশাল জনসভা সম্পন্ন করা যায়।

কুড়িগ্রামের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানিয়েছেন জামায়াতের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের অনাপত্তিপত্রসহ (এনওসি) একটি আবেদন পাওয়া গেছে। আবেদনটি যাচাই-বাছাইয়ের জন্য পুলিশের কাছে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিবেচনা এবং গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর জনসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সীমান্তবর্তী এই জেলায় জামায়াত আমিরের জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।