শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর মর্যাদা ও বেতন বাড়ানো হবে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:১৪ পিএম

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর মর্যাদা ও বেতন বাড়ানো হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, তার দল ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেতন ও মর্যাদা বর্তমানের তুলনায় বহুগুণ বাড়ানো হবে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। 

তিনি বলেন, "যারা দিনরাত ২৪ ঘণ্টা ডিউটি করে দেশের নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের সম্মানী অন্যদের মতো হতে পারে না। আমরা তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করব।"

ঝালকাঠির স্থানীয় শহীদ ওসমান হাদি সম্পর্কে আবেগঘন বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, "দেশের মাটিতে অবশ্যই হাদি হত্যাকাণ্ডের বিচার হতে হবে।" এছাড়া বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি ভিন্নধর্মী প্রস্তাব দিয়ে বলেন, জামায়াত বেকারদের ‘ভাতা’ দিয়ে অসম্মানিত করতে চায় না, বরং প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চায়। 

তিনি আরও ঘোষণা করেন যে, ক্ষমতায় গেলে দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনা হবে এবং ‘মামলা বাণিজ্য’ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে কঠোর হুশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, "এবার কাউকে ভোট ছিনিয়ে নিতে দেওয়া হবে না। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না। কেউ যদি ভোট ছিনতাইয়ের চেষ্টা করে, তবে তার হাত মুচড়ে দেওয়া হবে।

নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, এ নিয়ে কোনো মামলা হলে নির্দেশদাতা হিসেবে যেন তার নামই দেওয়া হয়। জনসভা শেষে তিনি ঝালকাঠি-১ আসনের প্রার্থী ডা. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিমকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন।