ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৪ পিএম
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার শাহবাগ মোড় পুরোপুরি অবরোধ (ব্লকেড) করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে তারা এই গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেওয়ায় চারদিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত এবং বিকেলে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে বিকেল ৪টার দিকে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে একটি মিছিল যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ইনকিলাব মঞ্চের দাবি, এই হামলায় জাবেরসহ অন্তত ১৫-২০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জাবেরসহ মোট ২৩ জন চিকিৎসা নিলেও কারও শরীরে গুলির ক্ষত পাওয়া যায়নি।পুলিশি হামলার পর বিকেল সোয়া ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন নেতাকর্মীরা।
সেখানে অবস্থান নিয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব ছিল, সেখানে পুলিশি আক্রমণ চালিয়ে অন্তর্বর্তী সরকার এক কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে।” ইনকিলাব মঞ্চের নেতারা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না হাদি হত্যার বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ এবং আজকের হামলার বিচার পাওয়া যাবে, ততক্ষণ তারা শাহবাগ মোড় ছাড়বেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন