রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, খেলাফত মজলিসের উদ্বেগ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৪৬ পিএম

ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, খেলাফত মজলিসের উদ্বেগ

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। 

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের যৌথ বিবৃতিতে বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব ছিল, কিন্তু সরকার এক্ষেত্রে চরম উদাসীনতা দেখিয়েছে।

বিবৃতিতে মজলিস নেতৃবৃন্দ উল্লেখ করেন, শহীদ হাদির পরিবার ও মামলার বাদী পক্ষ সরকারের বর্তমান পদক্ষেপে মোটেও সন্তুষ্ট নয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ছাত্র-জনতার ক্ষোভ স্বাভাবিক। 

এমতাবস্থায় শান্তিপূর্ণ অবস্থানে পুলিশি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে অবিলম্বে এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্যের সরকার গঠিত হলে ওসমান হদিসহ সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করা হবে।

খেলাফত মজলিসের নেতারা আরও উদ্বেগ প্রকাশ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র বাস্তবায়নে সহায়তা করবে। তারা সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ জনের বেশি নেতাকর্মীর আহত হওয়া অত্যন্ত দুঃখজনক। এই হামলার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।