ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:২৪ এএম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রাজধানী ঢাকাকে আজ নতুন করে জাগিয়ে তুলতে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার তার নিজ নির্বাচনী এলাকাসহ ঢাকা মহানগর দক্ষিণের মোট সাতটি সংসদীয় আসনের আটটি পৃথক জনসভায় সরাসরি অংশ নেওয়ার কথা রয়েছে তার। নির্বাচনী তফসিল ঘোষণার পর একদিনে এতগুলো বড় জনসভায় তার এই অংশগ্রহণকে রাজনৈতিক বিশ্লেষকরা বড় ধরনের শোডাউন এবং ভোটারদের উজ্জীবিত করার কৌশল হিসেবে দেখছেন।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের অন্তর্গত বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখার মাধ্যমে তার দিনের কর্মসূচি শুরু হবে।
এরপর দুপুর ১২টায় তিনি ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজিত সভায় অংশ নেবেন। দুপুরের পর থেকে তার জনসভাগুলোর গতি আরও বাড়বে। দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে এবং বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন তিনি।
বিকালের সূচিতে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের আরও চারটি গুরুত্বপূর্ণ এলাকা। বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে এবং ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে তার উপস্থিত হওয়ার কথা রয়েছে। এরপর বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ঐতিহাসিক ধূপখোলা মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। দিনের সর্বশেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে তিনি তার দিনব্যাপী নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানবেন।
তারেক রহমানের এই আটটি জনসভাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে। প্রতিটি জনসভাস্থলেই সকাল থেকে বিশাল জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণার এই শেষ মুহূর্তে বিএনপি প্রধানের এই সরাসরি অংশগ্রহণ দলটির প্র প্রার্থীদের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। সাধারণ মানুষের মধ্যেও তারেক রহমানের বক্তব্য শোনার জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ঢাকার এই আটটি জনসভা থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারেক রহমান কী বার্তা দেন এখন সেটিই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন