বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমিরের বিশেষ বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৫৪ পিএম

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমিরের বিশেষ বার্তা

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের লড়াই শুরুর ঠিক আগের রাতে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এই বার্তায় তিনি মূলত তরুণ প্রজন্ম ও নারীদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ভিডিওর শুরুতে তিনি তরুণদের ‘নতুন বাংলাদেশ গড়ার কারিগর’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “যুবক বন্ধুরা, আমরা জানি জীবনের প্রথম ভোট তোমরা আগামীকাল দেবে। আমার বিশ্বাস, দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ গড়ার আশায় তোমরা এই ভোটটি উদযাপন করবে।

তিনি তরুণদের একা নয়, বরং বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন। তিনি জোর দিয়ে বলেন, “যুবকরাই তো বাংলাদেশ। আগামীর জন্য জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে।”

জুলাই চব্বিশের গণআন্দোলনে নারীদের ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করে জামায়াত আমির বলেন, “আপনারা রাস্তায় নেমে শক্তি যুগিয়েছেন, লড়াই করেছেন। সেই গর্বিত নারী জাতিকে সঙ্গে নিয়ে আগামীর মানবিক বাংলাদেশ গড়তে চাই।এবারের নির্বাচনে ‘গণভোট’ প্রসঙ্গেও তিনি দিকনির্দেশনা দেন। 

তিনি বলেন, “যারা সংস্কার এবং পরিবর্তন চাইবে, তারা অবশ্যই ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে। আর যারা চাইবে না, তারা হয়তো ‘না’-এর পক্ষে যাবে।” ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীকাল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত ‘মানবিক বাংলাদেশ’ গড়ার ভিত্তি রচনা করবে, যেখানে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।