সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন মিয়া গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:২৩ এএম

মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন মিয়া গোলাম পরওয়ার

সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেভিওয়েট প্রার্থীদের ভোটদানের খবর পাওয়া যাচ্ছে। দিনের শুরুতেই এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয় খুলনা-৫ আসনে। এই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।

সকালে ভোট দেওয়ার পর কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি সাংবাদিকদের বলেন, “আমার কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে আসছেন। তবে পুরো দেশে কী হচ্ছে, তা এখনই সার্বিকভাবে বলা সম্ভব না, সময় গড়ালে বোঝা যাবে।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “জয়-পরাজয় মহান আল্লাহ তায়ালার ইচ্ছা। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের ম্যাসেজ পৌঁছানো। কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই, তা মানুষকে জানানো। দীর্ঘদিন ধরে মানুষের কাছে আমরা তা জানানোর চেষ্টা করছি। আগামীতে কে বাংলাদেশ পরিচালনা করবে, তা জনগণের রায়ের মধ্য দিয়ে প্রতিফলিত হবে।

খুলনা-৫ আসনে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে জামায়াতের শীর্ষ এই নেতা মাকে নিয়ে কেন্দ্রে আসায় স্থানীয় ভোটার ও কর্মীদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী হলেও চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা এবং জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল থাকার কথা পুনর্ব্যক্ত করেন।