শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি, ১৫১ আসনের লড়াই তুঙ্গে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:২৯ পিএম

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি, ১৫১ আসনের লড়াই তুঙ্গে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে এবং দেশজুড়ে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে এক নজিরবিহীন হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫১টি আসনে দুই দলের প্রার্থীদের মধ্যে লড়াই তুঙ্গে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বিএনপির প্রার্থীদের একচ্ছত্র আধিপত্য দেখা গেলেও রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে জামায়াত প্রার্থীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন। 

অন্যদিকে সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন আসনে দুই পক্ষের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে যা কয়েক ভোটের ব্যবধানে ওঠানামা করছে। জামায়াত সূত্র দাবি করেছে যে তারা ১৭৫টি আসনে জয়ের বিষয়ে আশাবাদী কারণ এর বেশির ভাগেই তাদের প্রার্থীরা এগিয়ে আছেন। 

অপরদিকে বিএনপি ১৮০টি আসনে তাদের প্রাধান্য দাবি করে বলছে যে দেশের বেশিরভাগ আসনে ধানের শীষের প্রার্থীরাই প্রথম অবস্থানে রয়েছেন। কয়েকটি বিশেষ আসনে চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। 

ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ ১০টি কেন্দ্রের ফলাফলে ১০ হাজার ৮২৮ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনেও জোটের প্রার্থী জোনায়েদ সাকি ১০টি কেন্দ্রের ফলে ৭ হাজার ৫৮৫ ভোট পেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন। রাজধানীর ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের মামুনুল হক ও বিএনপির ববি হাজ্জাজের মধ্যে প্রতিটি ভোট নিয়ে কাড়াকাড়ি চলছে। দুটি কেন্দ্রের গণনায় মামুনুল হক ৮৪৪ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। 

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর হাড্ডাহাড্ডি লড়াই রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। এছাড়া সিলেট-২ আসনে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা এবং ঢাকা-১৪ আসনে জামায়াতের ব্যারিস্টার আরমান জয়ের পথে রয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তারেক রহমান ও মির্জা ফখরুলের মতো শীর্ষ নেতারা নিজ নিজ আসনে লিড ধরে রাখলেও সারাদেশের এই ত্রিভুজমুখী ও দ্বিমুখী লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা জানতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।