শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৩৭ পিএম

ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ভোট গণনার মাঝপথে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত ৬৬টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর চেয়ে ১১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৬টি কেন্দ্রের গণনায় ডা. শফিকুর রহমান তার ‍‍`দাঁড়িপাল্লা‍‍` প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৩৯০ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ‍‍`ধানের শীষ‍‍` প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৭টি। অর্থাৎ অর্ধেকেরও বেশি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত সামনে এসেছে। আজ সকালে মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর জামায়াত আমীর একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করেছিলেন।

 সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে মিরপুর ও কাফরুল এলাকার কেন্দ্রগুলোতে তরুণ ও নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা লাইনে দাঁড়িয়ে পরিবর্তন ও উন্নয়নের সপক্ষে তাদের রায় দিয়েছেন। ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন ভোটারের এই আসনে জয়-পরাজয় নির্ধারণে বাকি ৬১টি কেন্দ্রের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে যে ফলাফল সংগ্রহের কাজ অত্যন্ত সতর্কতার সাথে করা হচ্ছে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এখন প্রতিটি কেন্দ্রের আপডেট আসার সাথে সাথে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মিরপুর এলাকায় র‍্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।