রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হান্নান-আসিফ-সাদিক কায়েমদের ক্ষমা চাইতে হবে : নাছির উদ্দীন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:৪৭ পিএম

হান্নান-আসিফ-সাদিক কায়েমদের ক্ষমা চাইতে হবে : নাছির উদ্দীন

ক্ষমা চাওয়ার আহ্বান নাছিরের

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমকে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তোলেন। নাছির অভিযোগ করেন যে, নোয়াখালীর হাতিয়ায় একটি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। 

স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে প্রমাণিত হয়েছে দাবি করে তিনি এই ধরণের আচরণকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বলে অভিহিত করেন।

পোস্টে নাছির উদ্দীন তথ্যপ্রমাণ তুলে ধরে বলেন, নথিভুক্ত রেকর্ড অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ঘটনার সময় অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে যেখানে অন্তত দুই ঘণ্টার বেশি সময়ের প্রয়োজন, সেখানে একই সময়ে দুই স্থানে উপস্থিত থাকার দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক ও বাস্তবতাবিবর্জিত। 

তিনি মনে করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে হেয় করার উদ্দেশ্যে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে এই মিথ্যা অভিযোগটি ব্যবহার করা হয়েছে। এই ধরণের অপপ্রয়াস কেবল নৈতিক অবক্ষয় নয় বরং সামাজিক স্থিতিশীলতার জন্যও একটি বিপজ্জনক প্রবণতা।পরিস্থিতি পর্যালোচনায় নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করাকেও নাছির এই ঘটনার ভিন্ন মাত্রার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। 

তিনি দাবি করেন, ধর্ষণের মতো গুরুতর ও স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ‍‍`মব‍‍` তৈরির অপচেষ্টা চালানো হয়েছে। এনসিপি নেতাদের পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য গোষ্ঠীগুলোকেও এই মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। রাজনৈতিক স্বার্থে স্পর্শকাতর ইস্যু ব্যবহারের সংস্কৃতি চিরতরে পরিহার করে সত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন ছাত্রদলের এই শীর্ষ নেতা। নাছির আরও উল্লেখ করেন যে, এমন ভিত্তিহীন অভিযোগ সমাজের রন্ধ্রে রন্ধ্রে অস্থিরতা তৈরি করে।