সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে খেলাফত মজলিসের নিন্দা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:২০ পিএম

মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে খেলাফত মজলিসের নিন্দা

মাওলানা জালালুদ্দীন আহমদ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মুহাম্মাদ মামুনুল হকের বিরুদ্ধে মামলা ও অভিযোগের ঘোষণাকে গভীর ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

তিনি বলেন, ঢাকা-১৩ আসনের নির্বাচনে জনগণের স্পষ্ট রায়কে আড়াল করতেই নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ ভিত্তিহীন মামলা ও অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন।বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ অভিযোগ করেন যে, ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের পক্ষে বিপুল জনসমর্থন তৈরি হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী চক্র ফলাফল পরিবর্তনের নীলনকশা বাস্তবায়ন করেছে। 

তিনি দাবি করেন, নির্বাচনের দিন একাধিক টেলিভিশন চ্যানেলে প্রায় ২০ মিনিট ধরে মামুনুল হককে বিজয়ী ঘোষণা করা হলেও পরবর্তীতে ফলাফল শিটে টেম্পারিং ও ওভাররাইটিংয়ের মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। 

নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ করার পরেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করাকে তিনি ‘রেজাল্ট ডাকাতি’ হিসেবে উল্লেখ করেন। বর্তমানের এই মামলা ও হুমকির তৎপরতা সেই জালিয়াতিকে বৈধতা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়।বিবৃতিতে আরও বলা হয়, বিগত ফ্যাসিবাদী শাসনের ধারক-বাহকদের সাথে ববি হাজ্জাজের ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজনবিদিত। আদাবর এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের চলমান আন্দোলন থেকে জনদৃষ্টি সরিয়ে নিতেই মামুনুল হকের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা সাজানো হচ্ছে। 

খেলাফত মজলিস মনে করে, চাঁদাবাজি দমনে ব্যর্থ হয়ে ববি হাজ্জাজ মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন। মাওলানা জালালুদ্দীন আহমদ স্পষ্ট করে জানিয়েছেন, কোটি কোটি মানুষের প্রিয় নেতা মামুনুল হকের অগ্রযাত্রা কোনো ভুয়া মামলা দিয়ে রোধ করা সম্ভব হবে না। এ সময় তিনি নির্বাচন কমিশনের কাছে স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং সরকারকে হুঁশিয়ার করে বলেন যে, জনগণের রায় নিয়ে এমন খেলা অচিরেই সরকারের পতনের কারণ হতে পারে।