ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:৪৯ পিএম
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার রাতে দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র এবং আসিফ মাহমুদের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা অন্তর্বর্তীকালীন সরকারে গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব পালন শেষে বর্তমানে সক্রিয় রাজনীতিতে মনোনিবেশ করছেন।
এনসিপির প্রাথমিক মনোনয়ন প্রক্রিয়ায় তাকে ডিএসসিসির মেয়র পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আসিফ মাহমুদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। তিনি দাবি করেন যে, তিনি যখন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন,
তখন সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী প্রয়োজনীয় আইন সংশোধন করে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে। ফলে আসন্ন সিটি নির্বাচনসহ যেকোনো স্থানীয় নির্বাচনে প্রার্থীরা দলীয় পরিচয় ও প্রতীক ছাড়াই স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবেন।আসিফ মাহমুদ তার পোস্টে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আইনগুলো ভালোভাবে পড়ার পরামর্শ দিয়ে বলেন যে, দলীয় প্রতীক নিয়ে কমিশনের বর্তমান বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল ও সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতেই এই সংস্কার বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা মূলত জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বর্তমানে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের আইনি অবস্থানের ওপরই বিষয়টি চূড়ান্ত হবে বলে কমিশন মনে করছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে সিটি নির্বাচনের বিধিমালা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন