ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:১৮ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ২০২৬-এর প্রথম সাধারণ অধিবেশন আজ মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সুপরিকল্পিত প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তিগত পর্যায়ে আমলিয়াতের শুদ্ধতা ও নৈতিক মানোন্নয়ন ছাড়া টেকসই নেতৃত্ব তৈরি করা সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন যে প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে। আগামী দিনের বহুমাত্রিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আদর্শিক দৃঢ়তা এবং প্রজ্ঞা অর্জনের জন্য তিনি ছাত্রনেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।অধিবেশনে সংগঠনের বিগত দিনের সাংগঠনিক অগ্রগতি এবং চলতি বছরের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে ছাত্রসমাজের নৈতিক ও আদর্শিক বিকাশের জন্য ছাত্রশিবির দেশব্যাপী গঠনমূলক ভূমিকা পালন করবে। দিনব্যাপী এই অধিবেশনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সক্রিয়ভাবে অংশ নেন। তারা দেশ ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন