মার্চ ১৩, ২০২৬, ১০:৩৫ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানো হচ্ছে।
বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার প্রয়োজনীয় উন্নত চিকিৎসার স্বার্থে তাকে বিদেশের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
সেই অনুযায়ী আজই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের শারীরিক জটিলতা নিরসনে দেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে উন্নত রোগ নির্ণয় ও পরবর্তী ধাপের চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন