মার্চ ২৬, ২০২৬, ০১:১১ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় নিমজ্জিত হওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা নয় বরং এর পেছনে রাষ্ট্রজুড়ে গড়ে ওঠা অদৃশ্য সিন্ডিকেটের হাত রয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিনে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দুর্ঘটনা এবং নিহতদের পরিবারকে দেওয়া নামমাত্র ক্ষতিপূরণ নিয়ে তীব্র সমালোচনা করেন।
ডা. মিতু উল্লেখ করেন যে প্রিয়জন হারানোর শোকের মুখে মৃত ব্যক্তিদের প্রাণের দাম ২৫ হাজার টাকা নির্ধারণ করা অত্যন্ত অবমাননাকর।তিনি তার লেখায় দেশের পরিবহন খাতের অব্যবস্থাপনা এবং ফিটনেসবিহীন যান চলাচলের কঠোর সমালোচনা করে বলেন যে যেখানে যথাযথ তদারকি থাকার কথা সেখানে অসাধু সমঝোতা হয়।
এর ফলে একের পর এক লাশের মিছিল দীর্ঘ হচ্ছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটছে না। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট টেনে তিনি বলেন যে দেশের মুক্তিযোদ্ধারা এবং পরবর্তীতে জুলাইয়ের বিপ্লবীরা প্রাণ দিলেও সাধারণ মানুষ এখনো অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষাক্ত ছোবল থেকে মুক্তি পায়নি।
দায়হীনতার এই সংস্কৃতি চলতে থাকলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।এনসিপি নেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন যে আমরা কোনো বড় দুর্ঘটনার পর কয়েকদিন লেখালেখি ও কান্নাকাটি করে সবকিছু ভুলে যাই। কিন্তু ঘটনার মূলে থাকা সিন্ডিকেট ও দুর্নীতির শেকড় উপড়াতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না।
জনগণের জীবনের বিনিময়ে কেবল ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করাকে তিনি লাশের অবমূল্যায়ন হিসেবে অভিহিত করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন