মে ১৭, ২০২৬, ০৮:০২ পিএম
ঈদে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং গরুর হাটে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (১৭ মে) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্পাদকমণ্ডলীর সভায় এই দাবি জানানো হয়। সভায় নেতারা বলেন, কোরবানির পশুর হাটে চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ ফি আদায় বন্ধ না হলে সাধারণ বিক্রেতা ও ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং বাজার ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হয়।
পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে সভায়।দলের নেতারা বলেন, ঈদে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
গত ঈদুল ফিতরে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। দুর্বল সড়ক ব্যবস্থাপনা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, চালকদের বেপরোয়া মনোভাব এবং প্রশাসনের নির্বিকারতা এসব দুর্ঘটনার জন্য দায়ী।
মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দেওয়া হয়। ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়ও যেন নিরাপদ যাতায়াত বজায় থাকে, তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ ও মাওলানা আবুল হাসানাত জালালী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন