রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ০৯:২৯ পিএম

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় জামায়াত

আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি তোলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দ্রুত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। রামিসার হত্যাকাণ্ড গোটা জাতির জন্য লজ্জাজনক। এই বিচারহীনতার সংস্কৃতি সামাজিক অপরাধ প্রবণতাকে আরও উসকে দিচ্ছে। 

তিনি অভিযোগ করেন, সরকার এবং বিরোধী দল হিসেবে বিএনপি এই পরিস্থিতিতে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠা ব্যক্তিদের দৌরাত্ম্যে নারী ও শিশুদের জীবন হুমকির মুখে।স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে সমাবেশে।

জামায়াত নেতার মতে, বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেও বাংলাদেশের চিত্র ভিন্ন। জামায়াত ‘মব জাস্টিস’ বা দায় চাপানোর রাজনীতিতে বিশ্বাস করে না বলেও তিনি দাবি করেন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা।সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তারা মন্তব্য করেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, রামিশা হত্যাকাণ্ড অসভ্যতার নিকৃষ্ট উদাহরণ। বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না। নারী ও শিশু নিপীড়নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুলিস্তান জিরো পয়েন্ট ও পল্টন মোড় প্রদক্ষিণ করে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে রাখেন।