জুন ৬, ২০২৬, ০৮:২৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে দলের সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা শেষ হয়েছে। রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এই কর্মশালাটি শুক্রবার শুরু হয়ে শনিবার সম্পন্ন হয়। দলের ৭৭ জন সংসদ সদস্য এই আয়োজনে অংশ নেন।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশের আগে তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।কর্মশালার বিভিন্ন সেশনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে প্রতিটি সিদ্ধান্ত হতে হবে গণমুখী। আসন্ন বাজেট অধিবেশনে সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সংসদ সদস্যদের ভূমিকা হবে বলিষ্ঠ ও গঠনমূলক।
বাজেট প্রক্রিয়া ও সংসদীয় রীতিনীতি নিয়ে সেশনে আলোচনা হয়েছে।দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ আইন প্রণয়ন প্রক্রিয়ায় দক্ষ হওয়ার আহ্বান জানান।
দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও বাজেট বিশ্লেষকরা সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির কৌশল নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। সংসদ সদস্যরা যাতে সংসদে জনদাবিগুলো যৌক্তিকভাবে তুলে ধরতে পারেন, সে বিষয়ে বিশেষজ্ঞরা কৌশলগত পরামর্শ দিয়েছেন।শনিবার সমাপনী অধিবেশনে দেশ ও জাতির কল্যাণে সত্যের পক্ষে আপসহীন ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন সংসদ সদস্যরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন