বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

নোটিশের বিষয় নিয়ে সংসদে বিড়ম্বনায় এমপি আমির হামজা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৭:৩৪ পিএম

নোটিশের বিষয় নিয়ে সংসদে বিড়ম্বনায় এমপি আমির হামজা

জাতীয় সংসদে নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে বিষয়বস্তু নির্বাচন নিয়ে বিড়ম্বনায় পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। রোববার সংসদ অধিবেশনের শুরুতে তিনি প্রায় ৩০টি নোটিশ দেওয়ার কথা উল্লেখ করে কোনটি নিয়ে আলোচনা করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে আলোচনার বিষয় নির্ধারণ করে দেন।

বক্তব্যের শুরুতে আমির হামজা বলেন, প্রায় ৩০টি নোটিশ দিয়েছি, কিন্তু কোনটির ওপর আজ কথা বলব তা জানি না।এ সময় স্পিকার তাকে নির্দেশনা দিয়ে বলেন, দৈনিক একটি করে নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। আপনি কুষ্টিয়া পৌরসভার পানি সংকট নিয়ে কথা বলুন।

স্পিকারের নির্দেশের পর কুষ্টিয়া পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়া এবং সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে বক্তব্য রাখেন আমির হামজা। তিনি অভিযোগ করেন, নির্বাচিত মেয়র না থাকায় দায়িত্ব পালনকারীদের কর্মকাণ্ড নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। কাজের গতি না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

তিনি আরও বলেন, পৌরসভার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে একাধিকবার বসেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরও তাদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় জনমনে ভুল ধারণা তৈরি হচ্ছে।

সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জনদুর্ভোগ দূর করার ওপর জোর দেন তিনি। সংসদ সদস্য আমির হামজা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনস্বার্থ রক্ষায় দ্রুত উদ্যোগ গ্রহণের উদাত্ত আহ্বান জানান। স্পিকারকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।