জুন ১০, ২০২৬, ০৯:৫৩ পিএম
প্রবাসীদের নানাবিধ সমস্যা নিরসন এবং তাদের অধিকার নিশ্চিত করতে একটি কার্যকর ও দায়িত্বশীল টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে তিনি এই সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।প্রবাসীরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি টিকে থাকলেও তারা নানা সমস্যায় জর্জরিত। তাদের যাবতীয় সংকট সমাধান ও কর্মসংস্থান বাড়াতে শ্রম মন্ত্রণালয়ের অধীনে দ্রুত একটি টাস্কফোর্স গঠনের প্রয়োজন রয়েছে। প্রবাসী যোদ্ধাদের সম্মানজনক অবস্থান তৈরিতে রাষ্ট্রকে অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি আরও দাবি করেন, কোনো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে তার মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে দেশে আনতে হবে। পাশাপাশি, প্রয়োজনে তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার বিষয়েও জোর দেন তিনি।
সংসদের এই অধিবেশনে প্রবাসী কল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের প্রস্তাবগুলো নিয়ে শ্রম মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করতে পারে বলে সংসদীয় আলোচনায় উঠে এসেছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত সংসদ অধিবেশন মূলতবি ঘোষণা করেছেন স্পিকার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন