রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৯:১৮ পিএম

এনসিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে আয়োজিত এক সংবর্ধনা সভায় তারা দলটিতে যোগ দেন। এনসিপির ঢাকা জেলা উত্তর যুব শক্তির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা সেঁজুতি হোসাইনের নেতৃত্বে এই বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির পক্ষে নিজেদের অবস্থান জানান।

ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।সংবর্ধনা অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ ও গণমুখী রাজনৈতিক দল এবং জুলাই বিপ্লবের বীর যোদ্ধারা যদি এই দলে যুক্ত হতে চান তবে তাদের সবসময় সাদরে গ্রহণ করা হবে। এই সময় নবাগত নেত্রী সেঁজুতি হোসাইন তাঁর প্রতিক্রিয়ায় জানান, দেশের বৃহত্তম রাজনৈতিক দলের হাতকে আরও শক্তিশালী করতে এবং জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হেলেন জাহান রিফা এবং সুজন আহমেদও নিজেদের বক্তব্য পেশ করেন।অনুষ্ঠানটিতে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের একঝাঁক শীর্ষস্থানীয় বিএনপি নেতা উপস্থিত ছিলেন। সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদী এবং পৌর বিএনপির সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ এতে অংশ নেন। 

এছাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ সাভারের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে নবাগতদের বরণ করে নেন। বক্তারা প্রত্যেকেই নতুন রাজনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।