জুলাই ৬, ২০২৬, ১০:২০ পিএম
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এই হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য রাখছিলেন, ঠিক সেই মুহূর্তে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এ সময় সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিস্ফোরণের পরপরই সমাবেশস্থলে উপস্থিত কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই কর্মসূচি সম্পর্কে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জের পর সাভারে এই পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়েছিল। দাবিগুলোর মধ্যে ছিল গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষা।
বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে কোনো পক্ষ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন