জুলাই ১৬, ২০২৬, ০৭:৩৯ পিএম
জুলাই শহীদ দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্যের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী বড় বাজার এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে শহরের চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, জুলাই শহীদ দিবস আমাদের বৈষম্য, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নতুন প্রেরণা জোগায়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ এবং খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। জুলাই শহিদদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত অধিকার ফিরে পাবে।র্যালি ও সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি ঘিরে শহরের বিভিন্ন সড়কে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন