জুলাই ২৮, ২০২৬, ০৩:০৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে চলমান নানা কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় নির্ধারিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে। অনিবার্য কিছু ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুষ্টিয়ার দুটি গুরুত্বপূর্ণ উপজেলায় এই কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় সংগঠক ও দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা নয়ন আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান যে পরিস্থিতি বিবেচনায় নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
অনিবার্য পরিস্থিতির কারণে দলের পূর্বনির্ধারিত এই রাজনৈতিক কর্মসূচি সাময়িকভাবে পেছানো হয়েছে।পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের লক্ষ্যে ৩৬ দিনব্যাপী দেশব্যাপী ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ পরিচালনা করছে জাতীয় নাগরিক পার্টি। এই ধারাবাহিকতার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এবং সন্ধ্যায় কুমারখালী উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
কিন্তু শেষ মুহূর্তে অনিবার্য কারণ বশত তা স্থগিত করা হয়।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুষ্টিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে এনসিপির এই পদযাত্রা স্থগিত হওয়ার ফলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে কিছুটা আলোচনা তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয়ভাবে নতুন তারিখ ঘোষণা করা হলে পুনরায় উজ্জীবিতভাবে কর্মসূচিগুলো সম্পন্ন করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে গণভোট ও অন্যান্য দাবি আদায়ে এই পদযাত্রাগুলো সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।পরিস্থিতি স্বাভাবিক হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন