আগস্ট ১৩, ২০২৬, ০২:৫৫ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির অভ্যন্তরে নেতৃত্বের নতুন সমীকরণ তৈরি হয়েছে। দলটির বিভিন্ন সূত্র জানিয়েছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনীত হলে তার মহাসচিব পদটি শূন্য হবে। ফলে দলীয় নেতৃত্বে কে আসছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতি পদে দলের অবস্থান চূড়ান্ত হওয়ার পাশাপাশি নতুন মহাসচিব পদে সম্ভাব্য নেতৃত্ব নিয়েও আলোচনা হচ্ছে।
এই পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে বলে মনে করছেন অনেকে।
অন্যদিকে, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নামও নীতিনির্ধারণী পর্যায়ের অভিজ্ঞতার কারণে আলোচনায় রয়েছে। জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, স্থায়ী কমিটির কোনো সদস্যকে দায়িত্ব দিলে নীতিনির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সমন্বয় আরও ভালো হতে পারে।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, মহাসচিব দায়িত্ব পালনে অনুপস্থিত বা অক্ষম হলে জ্যেষ্ঠ পর্যায়ের কোনো দায়িত্বশীল নেতা সাময়িকভাবে সেই দায়িত্ব পালন করতে পারেন। তবে স্থায়ীভাবে মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে কাউন্সিলের বিষয়টি গুরুত্বপূর্ণ।সামনে স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় সাংগঠনিক কর্মসূচি থাকায় দলের নেতৃত্বে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন