আগস্ট ২৩, ২০২৬, ০৯:৪২ পিএম
বিএনপি সরকারের একশো আশি দিনের কর্মকাণ্ডে চরম অব্যবস্থাপনা ও অপরিকল্পনার কারণে জনভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার ব্যর্থ স্বীকার না করে বরং একশো আশি দিনের একটা সাফল্যমণ্ডিত চিত্র তারা দেখানোর চেষ্টা করছে, যা একেবারেই জনগণের সঙ্গে প্রতারণা। যে প্রতারণার রাজনীতি আমরা অতীতে আওয়ামী লীগকে করতে দেখেছি, এখন সে একই প্রতারণার রাজনীতি বিএনপি সরকার জনগণের সঙ্গে করছে।
তিনি রোববার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এগারো দলীয় ঐক্যের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এর আগে সেখানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এগারো দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী পাঁচ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ বাস্তবায়নসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে এসময় আলোচনা করা হয়।
নাহিদ ইসলাম বলেন, সরকারের প্রতি জনআস্থা একেবারেই তলানিতে গিয়েছে। কারণ এই ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষায় তারা ব্যর্থ। কোন কোন ক্ষেত্রে তারা সেটা অন্তর্বর্তী সরকার অথবা বিপ্লব পরবর্তী পরিস্থিতির থেকেও ভয়ানক রূপ ধারণ করেছে। বিদ্যুতের লোডশেডিং দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পার হয়েছে। জ্বালানি সংকট, গ্যাস সংকটও শুরু হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, প্রায় কয়েকশ কারখানা সারাদেশে বন্ধ হচ্ছে, ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে।
একদিকে চাঁদাবাজির ভোগান্তি, অন্যদিকে এখন গ্যাস বিদ্যুৎ তারা পাচ্ছে না। অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে, কৃষকরা সেই সার সংকটে ভুগতেছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে কাজ শুরু করা উচিত এবং জ্বালানি ও আইনশৃঙ্খলা ইস্যুতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় নীতি প্রণয়ন করা উচিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন