বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বর্তমান সরকার ক্ষমতায় এসেই দলীয়করণ করছে: বিরোধীদলীয় হুইপ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৬:২০ পিএম

বর্তমান সরকার ক্ষমতায় এসেই দলীয়করণ করছে: বিরোধীদলীয় হুইপ

ছবি: সংগৃহীত

বর্তমান সরকার ক্ষমতায় এসেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিটি করপোরেশন ও জেলা পরিষদগুলোতে দলীয় লোক বসানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন এমন অঙ্গীকার থাকলেও সরকারি কর্ম কমিশনসহ বিভিন্ন সংস্থায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও বর্তমান সরকার তা মানছে না, যা জাতির সঙ্গে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে এই গণভোট জরুরি ছিল বলে তিনি উল্লেখ করেন।

আইন পরিবর্তনের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিরোধীদলীয় হুইপ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি বাতিল করা হয়েছে। এর মধ্যে গুম ও খুন কমিশন সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে। নতুন নিয়মে অভিযোগ প্রমাণিত না হলে অভিযোগকারীকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান করায় মানুষ প্রতিকার চাইতে ভয় পাবে এবং দেশ আবার কর্তৃত্ববাদের দিকে যাবে বলে তিনি দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব নিয়ে ক্ষোভ জানান শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি অভিযোগ করেন, শিক্ষকদের বড় অংশ শিক্ষার্থীদের ভবিষ্যৎ বা দিকনির্দেশনা না দিয়ে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে ভাইভার নম্বর নিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে লিখিত পরীক্ষায় কম পেয়েও মৌখিক পরীক্ষায় অস্বাভাবিক নম্বর দিয়ে পছন্দের ক্যাডারে নিয়োগ দেওয়া হতো। কর্ম কমিশনের সব পরীক্ষায় মৌখিক নম্বর ৫০-এর বেশি না রাখার দাবি জানান তিনি।

সমাপনী বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল অভিযোগ করেন, ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি আগের মতো রাখা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে পুরনো প্রক্রিয়ায় দলীয় লোক নিয়োগের চক্রান্ত চলছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অর্জন নষ্ট হতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। শাখা সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ও কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান বক্তব্য দেন।