সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:০১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা ভূমিধ্স বিজয় লাভ করেছেন। এই বিজয়ের পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার নেতাকর্মীদের প্রতি একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, সারা দেশে কোথাও কোনো বিজয় মিছিল করা যাবে না। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই নির্দেশ দেন।
তার পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, 'আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারা দেশের কোথাও কোনো মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো।' তিনি আরও বলেন, 'স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।'
এই বিজয় এমন এক সময়ে এসেছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অনেকটা মুখোমুখি অবস্থানে ছিলেন, তবে কোনো ধরনের সংঘাত ঘটেনি। নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এজিএস পদেও ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। এই নিরঙ্কুশ বিজয় সত্ত্বেও শিবিরের কেন্দ্রীয় সভাপতির শান্ত থাকার এই নির্দেশ রাজনীতিতে একটি নতুন বার্তা বহন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন