সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৬:১৭ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৫ বছরের শাসনে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, রাজনীতি তখনই অর্থবহ হয় যখন তা মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
'গত ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ব্যাংক-বীমা লুটপাট, বর্তমান সংকট এবং উত্তরণ' শীর্ষক আলোচনা সভায় মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের ঘাম ঝরানো শত শত বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তিনি অভিযোগ করেন, এই সময়ে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দিয়ে বাংলাদেশে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।
তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণেও ব্যাপক দুর্নীতি হয়েছে। মঈন খান দাবি করেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা মিথ্যা অপবাদ দেওয়া হলেও কেউ বলতে পারেনি যে তিনি দুর্নীতিবাজ ছিলেন। তিনি বলেন, দুর্নীতি দূর না হলে বাংলাদেশের কোনো উন্নয়ন সম্ভব নয়। যত সংস্কারই করা হোক না কেন, দুর্নীতিবাজরা লাভবান হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এবং মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন