বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করা যাবে না’: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৬:৫০ পিএম

দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করা যাবে না’: তারেক রহমান

ছবি - সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। তিনি বলেন, দলের সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচার বিদায় নিলেও একটি 'অদৃশ্য অপশক্তি' ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হলে জনগণের রায়ের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।

আগামী নির্বাচনের বিষয়ে তারেক রহমান বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপিকে তাদের ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে জনগণের রায় নিয়ে আসতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা যদি ফেব্রুয়ারির নির্বাচনে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি, জনগণের কাছে যেতে পারি, তাহলেই নির্বাচনে বিএনপির পক্ষে সফল জনরায় আনতে পারব।"

তিনি নেতাকর্মীদের দুটি বিষয়ে প্রতিজ্ঞা করতে বলেন: প্রথমত, দলীয় সিদ্ধান্তের প্রতি ঐক্যবদ্ধ থাকা এবং দ্বিতীয়ত, দলের নামে কেউ যেন ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পারে বা দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করতে পারে। তার এই আহ্বানে উপস্থিত নেতাকর্মীরা দুই হাত তুলে সমর্থন জানান।

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ২ হাজার ৯০ জন কাউন্সিলর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন।