রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডাকসু-জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে”: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:৩৭ পিএম

ডাকসু-জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে”: জামায়াত আমির

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় আগামী জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে।

তিনি বলেন, জামায়াত আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা রাখে এবং এই বিজয় নিশ্চিত করতে তিনি সবার কাছে আর্থিক ও অন্যান্য সাহায্য চেয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অনেক আন্দোলন ও ত্যাগের বিনিময়ে গত বছরের ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই এই বিজয় এসেছে।

তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের এই ত্যাগের কারণেই আজ একটি মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ হয়েছে। জামায়াত আমির সকলকে বিনয়ী হয়ে, জনগণের সেবক হিসেবে এবং আল্লাহর ওপর ভরসা রেখে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে 'রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬' শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কুরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। অধিবেশনে দেশের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।