সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০১:১২ পিএম
পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না। সরকারের উচিত ৫ দফা দাবি মেনে নেওয়া। সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেজন্যই আমাদের এই দ্বিতীয় দফা কর্মসূচি।”
১. জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। ২. নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। ৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। ৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
৫ দফা দাবি আদায়ে আন্দোলনের ২য় ধাপে জামায়াতের কর্মসূচিগুলো হলো:
-
১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত: ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ।
-
১০ অক্টোবর: ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে গণমিছিল।
-
১২ অক্টোবর: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন