আগস্ট ২৯, ২০২৬, ০৩:৪৮ পিএম
পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন এবং কৃতী এই হাফেজের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ পঞ্চাশ হাজার টাকার উপহার তুলে দেন।
শনিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ হাফেজ জাকারিয়ার সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে হাফেজ জাকারিয়া শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তার এই মেধা ও জয় বাউফলের মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেন তিনি। সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত সুযোগ পেলে দেশের সন্তানরাও যে বিশ্বমঞ্চ জয় করতে পারে, জাকারিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে তিনি মন্তব্য করেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে বক্তারা হাফেজ জাকারিয়ার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন