সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:২৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করেছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একটি বক্তব্যের সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় সচল হতে পারে বলে গণমাধ্যমে আসা বক্তব্যটি পুরো জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৫ সংসদীয় এলাকায় ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও এদেশের জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করে দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, জনগণ তাদেরকে প্রতিহত করবে। তিনি মনে করেন, জনগণের বুকে গুলি চালানো গণহত্যাকারী দলের রাজনীতি করার অধিকার নেই।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের জনগণের ওপর যে জুলুম-নির্যাতন চালিয়েছে এবং জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে হাজারো মানুষকে আহত-পঙ্গু করেছে, সেই দলকে কোনোভাবেই রাজনৈতিক দল বলা যায় না।
সমাবেশের প্রধান বক্তা ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে নাগরিকদের অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিতে হয়েছে, কিন্তু জাতি স্বাধীনতার চেতনাকে অর্থবহ করার নেতৃত্ব পায়নি। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত ১৫ বছরের অপশাসনেরও কঠোর সমালোচনা করেন।

তিনি ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, যে উপদেষ্টারা জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে পারেননি, তারা উপদেষ্টা পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। তিনি বলেন, 'বিপ্লব বিলাসী জীবন-যাপনের জন্য হয়নি।'
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় সচল হতে পারে—এমন ঘোষণা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করেছে তারা বিপ্লবের চেতনা ধারণ করছে না। তিনি অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক গোলাম মর্তুজা, ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মো. হেলাল উদ্দিন রুবেল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকুস) নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন