সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০৭:০০ পিএম

ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলেম-ওলামাদের বৃহত্তর ঐক্যের ওপর জোর দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, "ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের কোনো বিকল্প নেই।" তাঁর এই মন্তব্যের মূল কথা হলো, ছোটখাটো ভেদাভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে হবে।

বৃহস্পতিবার সকালে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে কুরআন মজলিস বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মো. এমদাদ উল্লাহর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা এই বৈঠকের শুরুতেই কুরআন মজলিস বাংলাদেশের নেতারা ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি। নেতারা ইসলামী রাষ্ট্র কায়েমে আলেম-ওলামাদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর বৃহত্তর ঐক্য গঠনের তাগিদ অনুভব করে বক্তব্য রাখেন।জামায়াত আমির এই বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে আলেমদের ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন কুরআন মজলিস বাংলাদেশের সহ-আমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ন-মহাসচিব মো. শুকুর আলী কাজী ও হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ ক্বারী মো. বিল্লাল হোসেন সরকার, প্রেস সচিব আকাশ মাহমুদ এবং তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী হোসাইন মাহমুদ।

বৈঠক শেষে কুরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের হাতে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়।