সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতীক বাছাইয়ে ৭ অক্টোবর পর্যন্ত সময় পেলো এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০৭:১৯ পিএম

প্রতীক বাছাইয়ে ৭ অক্টোবর পর্যন্ত সময় পেলো এনসিপি

ছবি - সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সংরক্ষিত ৫০টি প্রতীকের নমুনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটিকে এই ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে আগামী ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ইসি এই চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। তবে দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী 'শাপলা, কলম ও মোবাইল' উল্লেখ করা হলেও, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীকটি অন্তর্ভুক্ত নেই।

এমন অবস্থায়, ইসি তাদের দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনও বরাদ্দ হয়নি—এমন একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য এনসিপিকে অনুরোধ করেছে।ইসিবির চিঠি পাওয়ার পরদিনই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গত বুধবার এনসিপির মুখ্য-সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ইসি তাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।

নাসীরুদ্দীনের অভিযোগ, অন্যান্য রাজনৈতিক দলের মার্কা জাতীয় প্রতীকের বিভিন্ন উপাদান থেকে নেওয়া হলেও, কমিশন কেবল এনসিপির চাওয়ার বিষয়ে আপত্তি তুলেছে, যা বৈষম্যমূলক।

নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট জানিয়েছেন, ইসিকে তাঁরা আগেই বলেছেন যে শাপলা পেতে এনসিপির আইনি কোনো বাধা নেই এবং ইসিরও অন্য কোনো চাপ অনুভব করা উচিত না। তিনি হুঁশিয়ারি দেন, এনসিপি প্রতীক প্রশ্নে জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্ষমতা অনুযায়ী সংগ্রাম জারি রাখবে।