রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ড. ইউনুসের মুখাকৃতি দিয়ে অসুর বানানো নিম্নরুচির পরিচয়: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০২:২০ পিএম

ড. ইউনুসের মুখাকৃতি দিয়ে অসুর বানানো নিম্নরুচির পরিচয়: রিজভী

ছবি - সংগৃহীত

ভারতে দুর্গাপূজার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখাকৃতি ব্যবহার করে অসুরের মূর্তি বানানোকে 'ভারতের নিম্নরুচির পরিচয়' বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার (৪ অক্টোবর) সকালে জিয়া উদ্যানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, "আমরা দেখতে পেলাম ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ড. ইউনুসের চেহারা দিয়ে, তার মুখমন্ডল দিয়ে এবং বিশ্বের আরও কয়েকজন নেতার। এগুলো অত্যন্ত নিম্নরুচির পরিচয়, এটা একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয়।" তিনি আরও যোগ করেন, "ভারতে আমরা শুনেছি সংগীত শিল্পকলার এত চর্চা হয়, সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি না।"

রিজভী এই সময়ে বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ টেনে আনেন। তার দাবি, বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চললেও তা সফল হয়নি।তিনি বলেন, "এদেশের জনগণ, এদেশের দেশপ্রেমিক মানুষ, এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কী হচ্ছে। তাই সবাই একত্রিত হয়ে এবারের দুর্গাপূজা হয়েছে।

অত্যন্ত সরবে, উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে।"তিনি উল্লেখ করেন, "এদেশের মানুষ, হিন্দু-মুসলমান, আলেম-ওলামা, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই পূজা মন্ডপ পাহারা দিয়েছে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য।"বিএনপির এই নেতা ফেব্রুয়ারিতে অবাধ-সুষ্ঠু নির্বাচন জনগণের প্রত্যাশা বলে দাবি করেন এবং বলেন,

"যে সময় পেয়েছেন এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মোটেই কঠিন কোনো কাজ নয়। আমি আশা করি, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ ভোট দিতে প্রস্তুত।"তবে তিনি অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন আমলাদের নিয়োগ দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, "আজ প্রশাসনের বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকজনদের খুব কৌশলে নানাভাবে বসানো হচ্ছে, বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠ নির্বাচন হবে না।"রিজভী সরকারের প্রতি আহ্বান জানান, তারা যেন এমন ব্যক্তিদের নিয়োজিত করেন যারা নিরপেক্ষ নির্বাচন করবেন এবং কোনো দলের আজ্ঞাবাহ হবেন না।