বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১১:২৫ এএম

মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠকে গোয়েন লুইসের সঙ্গে জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার এবং আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এবং এই লক্ষ্যেই তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। আজকের বৈঠকটিও সেই আলোচনারই অংশ।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কূটনৈতিকদের এমন বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।