মো: ফাহিম সরকার
অক্টোবর ১১, ২০২৫, ০৯:৪৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, "নতুন বাংলাদেশে ১৯৭২ সালের বাকশালী ব্যবস্থা কোনোভাবেই পুনরায় চালু হতে দেওয়া হবে না।"
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আল্লামা মামুনুল হক বলেন, "জুলাই সনদ বাংলার মানুষের মুক্তির প্রতীক। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে অবিলম্বে এই সনদ কার্যকর করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এর আইনি বৈধতা দিতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা জুলাই সনদ কার্যকর করে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচন চাই।" খেলাফত মজলিস ইতিমধ্যে জুলাই সনদসহ পাঁচ দফা দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি জুলাই সনদ কার্যকর না করে পুনরায় ১৯৭২ সালের বাকশালী ব্যবস্থায় ফিরে যাওয়ার বা সেই ব্যবস্থায় নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, খেলাফত মজলিস রাজপথে তা প্রতিহত করবে।
সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার পাঁচটি আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।