অক্টোবর ১৪, ২০২৫, ১১:৩৬ এএম
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. অ্যান্ডার্স বি কার্লসেনও উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ডেনমার্কের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।এছাড়াও, বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও কীভাবে বেগবান করা যায়, তা নিয়েও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে জার্মান ও সুইস রাষ্ট্রদূতসহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন