সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুগপৎ আন্দোলনে’ মাঠে থাকার আহ্বান খেলাফত আন্দোলনের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১০:৩৮ পিএম

যুগপৎ আন্দোলনে’ মাঠে থাকার আহ্বান খেলাফত আন্দোলনের

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এলেও সরকার এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ে দলের নেতাকর্মীদেরকে সমমনা দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়ায় এক বিশেষ বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, “জুলুম, নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে হাজার হাজার ছাত্র-জনতা রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীন করেছে। কিন্তু দেশের জনগণের সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি। শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার পর দেড় বছর অতিবাহিত হলেও দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন-ধর্ষণ নির্মূল করা সম্ভব হয়নি।”

তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে অভিযোগ করে বলেন, “এই দাবি নিয়ে গড়িমসি করা সরকারের জন্য শুভ হবে না। জনগণের মতের বিরুদ্ধে প্রাইমারি স্কুলে নৃত্য ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদের নিয়োগ দিতে হবে।”তিনি আরও বলেন, “এক ফ্যাসিস্টকে বিতাড়িত করে বাংলাদেশে অন্য কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না এ দেশের জনগণ।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ জারি এবং নভেম্বরে গণভোটের দাবিতে সম্প্রতি যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। খেলাফত আন্দোলনও এই জোটের অন্যতম শরিক।