সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনের মাঠে মামুনুল হক, আলোচনায় তিন আসন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১০:৫৪ পিএম

নির্বাচনের মাঠে মামুনুল হক, আলোচনায় তিন আসন

ছবি - সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে, তখন আলোচনার কেন্দ্রে এসেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে এবং ইতোমধ্যে তিনটি সম্ভাব্য আসনকে তিনি প্রাথমিক লক্ষ্য হিসেবে বিবেচনা করছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) মাওলানা মামুনুল হক এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন করা বা না করার বিষয়টি সম্পূর্ণভাবে দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তিনি বলেন, “নির্বাচন করব কিংবা ৩ আসনে নির্বাচন করব—বিষয়টা এমন না। যদি পরিস্থিতি অনুযায়ী দলের পক্ষ থেকে নির্বাচনের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে সম্ভাব্য তিনটি আসন আছে, এর মধ্য থেকে যেকোনো একটিতে নির্বাচন করব ইনশাআল্লাহ।”

দলীয় সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হকের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে তার বর্তমান কর্মস্থল ঢাকার মোহাম্মদপুর (ঢাকা-১৩ আসন)। দ্বিতীয়ত, তিনি তার জন্মস্থান লালবাগ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন।তৃতীয় আসন হিসেবে তিনি বাগেরহাট-১ কে রেখেছেন। এই আসনটির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এটি তার নানার বাড়ি এবং সেখানে তার পরিবারের একটি রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্য রয়েছে।

তবে, ঢাকা-১৩ আসনে তার মনোনয়ন নিয়ে কিছুটা জটিলতাও রয়েছে। কারণ, জামায়াতে ইসলামী ইতোমধ্যে এই আসনটিতে তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে। ফলে, যুগপৎ আন্দোলনে থাকা এই দুটি দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার প্রয়োজন হতে পারে।